আজকে আমাদের আলোচনার বিষয়ঃ কাপড়ের ফাস্টনেস। যা টেক্সটাইল টেস্টিং অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল ৩ এর ফাস্টনেস এর অন্তর্গত।

কাপড়ের ফাস্টনেস
কাপড় তৈরির পর তার ব্যবহারের শুরু থেকেই সেটা নানান রকমের প্রক্রিয়া ও পরিবেশের সম্মুখীন হয়। যেমন- ওয়াশিং, ব্লিচিং, রাবিং, সূর্যালোক, ঘাম ইত্যাদি। সাধারণভাবে ব্যবহারের সময়সীমা যত বাড়তে থাকে রঙিন ও ছাপা কাপড়ের রং ততই স্নান (fade) হয়ে যেতে থাকে।
কোন টেক্সাইল দ্রব্যের উপর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাপ (Heat), আলো (Light), ঘর্ষণ (Rubbing), ধৌতকরণ (Washing) ইত্যাদি দ্বারা ক্রিয়া করালে উক্ত দ্রব্য কী পরিমাণ তার আসল গুণাবলি (Original property) কে বিকৃত হওয়ার হাত থেকে রক্ষা করতে পারে তাকেই টেক্সটাইল প্রব্যের ফাস্টনেস (Fastness) বলে ।
আবার বিভিন্ন অবস্থায় রঙিন বা ছাপা কাপড়ের রং অবিকৃত থাকাকেই কালার ফাস্টনেস বলে। তবে টেক্সটাইল পণ্যসামগ্রীর ফাস্টনেস সাধারণত ভোক্তার চাহিদা ও ইচ্ছার উপর নির্ভর করে।

কাপড়ের ফাস্টনেস গুণাবলির ধরন (Types of fastness different property of fabric)
রঙিন বা ছাপা কাপড়ের নিম্নলিখিত ফাস্টনেস বিবেচনা করা হল ঃ
১। ওয়াশিং ফাস্টনেস (Washing fastness)
২। লাইট ফাস্টনেস (Light fastness)
৩। পারস্পিরেশন ফাস্টনেস (Perspiration fastness)
৪। রাবিং ফাস্টনেস (Rubbing fastness)
৫। সী ওয়াটার ফাস্টনেস (Sea water fastness )
৬। ক্লোরিনেটেড ওয়াটার ফাস্টনেস (Chlorinated water fastness)
৭। হট প্রেসিং ফাস্টনেস (Hot pressing fastness)

কালার ফাস্টনেস এর বিভিন্ন স্ট্যান্ডার্ডসমূহ (Different standards of colour fastness)
কালার ফাস্টনেস এর বিভিন্ন স্ট্যান্ডার্ড রয়েছে, যা নিচে দেখানো হল
১। AATCC (American Association of Textile Chemists and Colorists)
আমেরিকান এই স্ট্যান্ডার্ড সংস্থাটি ৬৬টি বিভিন্ন কালার ফাস্টনেস টেস্ট সম্পাদন করেছে
২। SDC (Society of Dyers and Colorists)
SDC ১৯২৭ সালে প্রতিষ্ঠিত হয়। এটি ইউরোপ ভিত্তিক একটি সংস্থা। SDC ফাস্টনেস টেস্ট কমিটি বিভিন্ন ধরনের কালার ফাস্টনেস টেস্ট করে থাকে।
৩। ISO (International Organization for Standardization)
ISO ১৯৪৭ সালে প্রতিষ্ঠিত হয়। এই ISO ফাস্টনেস গ্রেডিং করে থাকে। যেমন-
১. লাইট ফাস্টনেস এর জন্য ১ – ৮
২. অন্যান্য ফাস্টনেস এর জন্য ১ – ৫

নমুনা প্রস্তুতকরণ (Describe sampling method of different fastness test) :
ফাইবার, সুতা বা কাপড় এ তিন প্রকার দ্রব্যেরই কালার ফাস্টনেস পরীক্ষা করা যায়। কাপড়ের ক্ষেত্রে ১০ সেমি x ৪ সেমি মাপের কাপড় নমুনা হিসাবে নেয়া হয়। অতঃপর নমুনাটি দুটি রংবিহীন কাপড়ের মাঝখানে রাখা হয় যার মধ্যে একটি কটনের অপরটি উলের তৈরি। এ কাপড় দুটিও একই মাপের হয়ে থাকে। এ কাপড় দুটি মধ্যম ওজনের, প্লেইন উইডের এবং সর্বপ্রকার ফিনিশিং ও রাসায়নিক দ্রব্যমুক্ত হতে হবে। তারপর পরীক্ষার ধরনের উপর নির্ভর করে নমুনাসহ রংবিহীন কাপড়ের পার্শ্ব সেলাই করা হয়। তবে এ ধরনের পরীক্ষা শুধুমাত্র ভিজা পরীক্ষার জন্যেই হয়ে থাকে ।